
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃজনশীল চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার আলমডাঙ্গা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিকাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. বশিরুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা কলাকেন্দ্রের সভাপতি মো. ইকবাল হোসেন মিয়া, প্রভাষক খাইরুল ইসলাম ও বিশিষ্ট গল্পকার পিন্টু রহমান। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সাংস্কৃতিক চর্চায় আগ্রহ সৃষ্টি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

