
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাসিক উপাসনা পত্রিকার লিয়াজোঁ অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আলমডাঙ্গা মাছবাজারে লন্ডন টাওয়ার-সংলগ্ন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসিক উপাসনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক রিফাজ্জেল হোসেন রিফাজের পিতা মো. নওয়াজেশ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার শাহ আলম মন্টু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. বশিরুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুন খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, সাহিত্য পরিষদের সভাপতি মো. ওমর আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক কবি সিদ্দিকুর রহমান, আলাউদ্দিন পাঠাগারের সভাপতি কবি গোলাম রহমান এবং প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মহসীনুজ্জামান চাঁদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসিক উপাসনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক রিফাজ্জেল হোসেন রিফাজ। উদ্বোধনী আয়োজন শেষে পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অহর আলী। নতুন এ লিয়াজোঁ অফিসের মাধ্যমে পত্রিকাটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় সংবাদ, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

