
কাজী আলী আকবর, দর্শনা, চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সর্বজনীন দুর্গামাতা মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এ সময় তিনি মন্দিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
সোমবার রাত ৮টায় দর্শনা সর্বজনীন দুর্গামাতা মন্দির প্রাঙ্গণে এ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।
মতবিনিময় সভায় শারদীয় দুর্গোৎসবের সার্বিক আয়োজন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসকের এ পরিদর্শনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। এ ধরনের উদ্যোগ ধর্মীয় উৎসবকে ঘিরে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন এবং দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

