
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ করা হয়েছে। সোমবার আলমডাঙ্গা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মেজবাহুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুন্ডু।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার জোয়ার্দার, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন ও সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমির মাহের আলী এবং আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. বশিরুল আলম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সালসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত শাড়ি বিতরণের এ উদ্যোগ আসন্ন দুর্গাপূজায় অসহায় ও নিম্নআয়ের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সহমর্মিতা ও উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

