
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আকাশপথের যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
সোমবার বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ পালন করতে যাওয়া যাত্রী। তাঁদের একজনের বাড়ি বগুড়ায় এবং অপরজনের বাড়ি কুমিল্লায়। তবে তাঁদের মরদেহ দেশে ফেরানোর জন্য আকাশপথের যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করা হচ্ছে।
এদিকে সৌদি আরবের বর্তমান পরিস্থিতির কারণে দেশটিতে আটকে পড়া ওমরাহ যাত্রীদেরও দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন প্রবাসীকল্যাণমন্ত্রী। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। অনেক যাত্রী বিকল্প রুটে দেশে ফেরার চেষ্টা করলেও ফ্লাইট বাতিল হওয়ায় অনেকে আটকে পড়েছেন।
সংবাদ সম্মেলনে জাপানের সঙ্গে বাংলাদেশি কর্মী নিয়োগসংক্রান্ত নতুন চুক্তি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, এই চুক্তির আওতায় জাপানে কর্মরত বাংলাদেশি শ্রমিকেরা দেশটির স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে বিমানবন্দরে লাগেজ বহনের জন্য ২০০টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী বলেন, এসব ট্রলি যুক্ত হওয়ায় বিমানবন্দরে যাত্রীদের লাগেজ বহনের ভোগান্তি কমবে।
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং সেখানে আটকে পড়া ওমরাহ যাত্রীদের ফেরানোর বিষয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

