
বশিরুল আলম, চুয়াডাঙ্গা সিনিয়র স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার রথতলা ও কলেজপাড়ার পূজামণ্ডপসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং উৎসব উদযাপনের পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আলমডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে উৎসব উদযাপনে প্রশাসনের এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

