
কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় নাস্তা আনতে সামান্য দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া নামের এক নারী সহকারীকে জুতা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমার বিরুদ্ধে। এই অমানবিক ঘটনার পর আহত ওই তরুণীকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ম্যাক্স হাসপাতালের ওই চিকিৎসকের নিজস্ব চেম্বারের ভেতরে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চেম্বারে নাস্তা আনতে কিছুটা দেরি হওয়ায় ডা. তাসলিমা ফেরদৌসী রিমা তাঁর নারী সহকারীর ওপর চড়াও হন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি জুতা দিয়ে তাঁকে মারধর করেন, যার ফলে লামিয়া আহত হন। ঘটনার পরপরই সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে, চাঞ্চল্যকর এই ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক গণমাধ্যমের সাথে কোনো কথা না বলেই ম্যাক্স হাসপাতাল ছেড়ে অটোরিকশায় চড়ে চলে যান। ঘটনার বিষয়ে জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় তীব্র সমালোচনার জন্ম দিয়েছে এবং সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

