
কাজী আলী আকবর, দর্শনা, চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় উইনসেরেক্স কফ সিরাপ, ২৫ বোতল বিদেশি মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সন্দেহভাজন এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৯ অক্টোবর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীন দর্শনা ফুলবাড়ী বিওপির একটি আভিযানিক দল সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন এক চোরাকারবারিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে চোরাইপথে আনা ৯৫ বোতল ভারতীয় উইনসেরেক্স (Winserex) কফ সিরাপ ও ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেন বিজিবি সদস্যরা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তাকে দর্শনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সীমান্ত দিয়ে মাদক পাচার ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

