
মোঃ ইসমাইল হোসেন পিয়াল, শাহজাদপুর, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ বান করে ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য ৬ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি। প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, আমি আপনাদেরই সন্তান। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন,তাই আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন,যেন আপনাদের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকতে পারি। নদী ভাঙন সমস্যা সমাধানের লক্ষ্যে স্থায়ীভাবে নদী ভাঙন রোধ প্রকল্প বাস্তবায়নে আমি এবং আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছি, যেন অতিদ্রুত আপনাদের দুঃখ লাঘব হয়।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি ও সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসন জানায়, মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব, ঘরবাড়ি মেরামত ও দ্রুত পুনর্বাসন নিশ্চিত করাই এই উদ্যাগের মূল লক্ষ্য। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছে।

