
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার তিন আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুই ব্যক্তির কাছ থেকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া জনসাধারণের বিরক্তি সৃষ্টির অভিযোগে একজন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ভোরে গোবিন্দপুর (মাঠপাড়া) গ্রামের একটি বসতবাড়ি থেকে পৃথক মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. তারেক (৩৮), মো. সাইফুল মালিথা (৩৫) ও মো. ফয়সাল মাহমুদকে (২৬) গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে তারেক ও সাইফুল ১৬ অক্টোবরের ১৩ নম্বর মাদক মামলার এবং ফয়সাল একই তারিখের ১২ নম্বর মাদক মামলার আসামি।
এদিকে, মঙ্গলবার রাতে মাদকবিরোধী অভিযানে আলমডাঙ্গা পৌরসভার রাধিগঞ্জ এলাকা থেকে সজল আলীকে (২৫) এক গ্রাম গাঁজাসহ এবং কুমারী গ্রামের কালিমন্দিরের পেছন থেকে মাসুম রেজাকে (২৬) একটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক প্রসিকিউশন করা হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার লালব্রিজের ওপর থেকে সুজনকে (৩০) জনসাধারণের বিরক্তি সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ আইনের সংশ্লিষ্ট ধারায় নন-এফআইআর প্রসিকিউশন করা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে দুর্লভপুর গ্রামের নিজ বাড়ি থেকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. এনামুল হক ওরফে আব্দুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। আলমডাঙ্গা থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার সাতজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

