
বশিরুল আলম, চুয়াডাঙ্গা, সিনিয়র স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চুরির মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার কোর্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ আসাদ (২৩)। তিনি আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ আতিয়ার রহমানের ছেলে।
আলমডাঙ্গা থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার মামলা নং-১৬, তারিখ ২১ জুলাই ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৩৭৯ ধারায় দায়ের করা চুরির মামলার তদন্তে আসাদের নাম আসে। শুক্রবার ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীর সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় কোর্টপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে গ্রেপ্তার করেন।
পরে একই দিন বেলা ১২টার দিকে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয় বলে পুলিশ জানায়।

