
বশিরুল আলম, চুয়াডাঙ্গা, সিনিয়র স্টাফ রিপোর্টার:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শনিবার সকালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানের মাধ্যমে জনসাধারণকে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার। অভিযানের মূল প্রতিপাদ্য ছিল— “ডেঙ্গু প্রতিরোধে আমরাই সচেতন, রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার।”
ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। ব্যক্তিগত সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা চর্চার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।

