
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারতের অন্ধ্রপ্রদেশে পাহাড়ি সড়ক সম্প্রসারণের কাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২টি যানবাহন ধ্বংস হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন এক চালক, তিন শ্রমিকও এক শিক্ষক। শনিবার সকালে রাজ্যের আল্লুরি সীতারাম রাজু জেলার আনন্তগিরি মন্ডলের পিনাকোটা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, পাহাড়ি সড়ক সম্প্রসারণের জন্য পাথর বিস্ফোরণে জিলেটিন স্টিকযুক্ত একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হচ্ছিল। তবে বিস্ফোরণের সময় যন্ত্রটি ঠিকমতো কাজ না করায় এই দুর্ঘটনাটি সংগঠিত হয়। এতে ঘটনাস্থলে থাকা ২টি যানবাহন ধ্বংস হয়ে যায়।
পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় একজন চালক ও তিনজন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া বিপরীত দিক থেকে যাওয়া এক শিক্ষক বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় রাজস্ব বিভাগের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।

