
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জনগণের আস্থা অর্জন, সামাজিক কাজে সক্রিয় অংশগ্রহণ এবং সৎ ও দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয় কর্মশালায়।
শনিবার বিকেল ৩টায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, সামাজিক কর্মকাণ্ডে সবার আগে নিজেকে এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের মানুষের কাছে একজন যোগ্য, সৎ ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হয়ে বরং দুর্নীতি, সুদ, ঘুষ, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অনিয়ম বেড়েছে। এ পরিস্থিতি তুলে ধরে তিনি প্রচলিত প্রবাদ উল্লেখ করে বলেন, “বাঘের ভয়ে উঠলাম গাছে, ভূত বলছে পাইছি কাছে।” তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হতে হলে শুধু নির্বাচনে অংশগ্রহণ করলেই হবে না; মানুষের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে হবে। জনগণের অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং এলাকার মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু এবং জেলা আইন ও আদালত সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, তারবিয়াত সম্পাদক বিলাল হোসাইন, শ্রম বিভাগের সভাপতি মেহেদি হাসান, যুব সম্পাদক নাজমুল হক এবং মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠুসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা।
কর্মশালাটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে জনসম্পৃক্ততা বৃদ্ধি, মানুষের পাশে দাঁড়ানো এবং সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

