
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার বিকেলে ইমিগ্রেশন পুলিশের যাচাই-বাছাইয়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়ার পর তাঁকে আটক করা হয়। পরে তাঁকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
আটক তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার আদি টাঙ্গাইল গ্রামের মো. আজাদ বুখারীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা রয়েছে।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাওহীদুল ইসলাম বুখারী ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ডেস্কে উপস্থিত হন। এ সময় তাঁর তথ্য যাচাই করতে গিয়ে সন্দেহ দেখা দিলে পিসিপিআর যাচাই করা হয়। এতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গার পুলিশ সুপার, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং টাঙ্গাইল সদর থানাকে জানানো হয়। পরে চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও এসএস ইমিগ্রেশন ল্যান্ড অ্যান্ড সিপোর্টের নির্দেশনা অনুযায়ী, টাঙ্গাইল সদর থানার এফআইআর নম্বর-১৯, তারিখ ১২ মার্চ ২০২৫-এর পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করা হয়।
আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

