
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে চুয়াডাঙ্গায় তিন দিনের সরকারি সফর করছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) আবু হেনা মো. মুস্তাফা কামাল।
সফরের অংশ হিসেবে রোববার (২৫ অক্টোবর) সকালে তিনি আলমডাঙ্গা উপজেলায় প্রশিক্ষণরত কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন। পরে আলমডাঙ্গা পৌর এলাকা ও ডাউকি এলাকার বিভিন্ন সার বিক্রির দোকান ও গুদাম পরিদর্শন করে মজুত, বিক্রি ও সরবরাহ পরিস্থিতি যাচাই করেন।
শুক্রবার (২৩ অক্টোবর) শুরু হওয়া এ সফরে জেলার বিভিন্ন এলাকার সার ডিলারদের দোকান ও গুদাম পরিদর্শনের পাশাপাশি কৃষক, ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। রোববারের পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সার দোকান ও গুদামের মালিকেরা।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা এবং সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

