
জাপানের রাজধানী টোকিওতে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার টোকিওর মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় এ নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ইয়োহেই সাসাকাওয়ার দীর্ঘদিনের অবদান নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে ঢাকায় ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন।
বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে অবদান রাখায় সাসাকাওয়াকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দুই পক্ষের আলোচনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্ব পায়। নৈশভোজের একপর্যায়ে বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের টিকা উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং জনস্বাস্থ্য খাতে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
নৈশভোজে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলামসহ বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
জাপানের পক্ষে নৈশভোজে উপস্থিত ছিলেন নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়া এবং সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে সহযোগিতার পাশাপাশি ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে এই আলোচনা দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

