
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে। দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।
তিনি বলেন, আওয়ামী লীগ ১৭ বছর শাসনের নামে বাংলাদেশকে শোষণ করেছে। এখন পাশের দেশে বসে দেশকে অশান্ত ও অকার্যকর করার গোপন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। বিরোধী দলের উদ্দেশে দুলু বলেন, ছোটখাটো বিষয় নিয়ে আন্দোলন শুরু করলে আওয়ামী লীগ সেই সুযোগ কাজে লাগাতে পারে। আন্দোলনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
দুলু বলেন, জনগণ বিএনপিকে পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে। এই পাঁচ বছর বিএনপি দেশ পরিচালনা করবে। পাঁচ বছর পর কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে। বিএনপি ভালো কাজ করলে জনগণ আবারও দলটিকে ভোট দেবে। আর ভালো করতে না পারলে জনগণ অন্য দলকে বেছে নেবে।
তিনি আরও বলেন, বিএনপি ও দেশের মানুষের ভদ্রতা এবং নীরবতাকে দুর্বলতা মনে করে পলাতক শেখ হাসিনা ও তাঁর দলের নেতাকর্মীরা দেশে ফেরার কথা বলে ভীতি সৃষ্টির চেষ্টা করছেন। তবে দেশের মানুষ নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের ভয় পায় না বলে মন্তব্য করেন তিনি। আগামী দিনে কোনো ধরনের বাড়াবাড়ি হলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন দুলু।
নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। সঞ্চালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন এবং সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ স্থানীয় নেতারা।

