
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্তে নতুন তথ্য সামনে আসছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টাইগার শ্রফ ছাড়াও অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার ও সালমান খানের বাড়ির আশপাশে নজরদারি চালানো হয়েছিল বলে জানা গেছে। তবে এসব তথ্যের চূড়ান্ত সত্যতা এখনো তদন্তসাপেক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীদের প্রাথমিক লক্ষ্য ছিলেন অভিনেতা আমির খান। তবে শেষ মুহূর্তে পরিকল্পনায় পরিবর্তন এনে টাইগার শ্রফকে নিশানা করা হয় বলে সূত্রের দাবি। আমিরের তুলনায় টাইগারকে প্রকাশ্যে বেশি দেখা যাওয়ায় তাঁকে লক্ষ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে আমির খানের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে এর আগে হুমকির খবর প্রকাশিত হয়েছিল। তাঁর তৃতীয় বিয়ে এবং গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও হুমকি দেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই পোস্টে আমিরের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগও তোলা হয়। পাশাপাশি তারকাখ্যাতির আড়ালে এ ধরনের কর্মকাণ্ডের প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। তবে পোস্টটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং এর পেছনের উদ্দেশ্য সম্পর্কে তদন্তের চূড়ান্ত তথ্য এখনো নিশ্চিত নয়।
অন্যদিকে, টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনায় শনিবার ভারতের ইন্দোর থেকে ২২ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১১। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন বলে টাইগার শ্রফ জানিয়েছেন—এমন তথ্যও প্রকাশ করেছে সংবাদমাধ্যম। এ কারণে তিনি এখনো পুলিশের কাছে বিস্তারিত জবানবন্দি দেননি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তাঁর বক্তব্য নিতে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার একটি দল অভিনেতার বাড়িতে যায়।
প্রতিবেদন অনুযায়ী, পুলিশকে টাইগার জানিয়েছেন, পুরো ঘটনায় তিনি প্রচণ্ড ধাক্কা খেয়েছেন। কে বা কারা তাঁর ওপর হামলা চালাতে চাইবে, তা বুঝতে পারছেন না। কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই বলেও জানান তিনি। এ ঘটনায় টাইগারের গাড়িচালক ফিরদৌস বালোচ এবং ভ্লগার উমেশ চৌহানের বক্তব্য নথিভুক্ত করেছে পুলিশ। তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে হামলার উদ্দেশ্য এবং পরিকল্পনা পরিবর্তনের বিষয়ে আরও তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

