
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরিবর্তিত তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফলাফল দেখার পদ্ধতিও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd-এর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য নির্ধারিত ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে।
মোবাইল ফোনের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ থাকছে। যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে।
এসএমএসে ফল জানতে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর লিখতে হবে। এরপর আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে কোনো ফলাফল পাওয়া যাবে না। তাই পরীক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট, এসএমএস অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে।
আগামী ৩১ অক্টোবর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই অনলাইনে এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একযোগে ফল প্রকাশ করা হবে।
ফল প্রকাশের তারিখ পরিবর্তন হওয়ায় পরীক্ষার্থীদের নতুন নির্ধারিত তারিখ অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

