
বলিউডের তারকা দম্পতি শাহরুখ খান ও গৌরী খানের দাম্পত্য জীবন তিন দশকেরও বেশি সময়ের। দীর্ঘ এই পথচলায় তাদের সম্পর্ক ভক্তদের কাছে পরিচিতি পেয়েছে ভালোবাসা ও পারস্পরিক বন্ধনের গল্প হিসেবে। তবে সম্পর্কের শুরুর দিনগুলো সব সময় মসৃণ ছিল না। প্রেমের সময় গৌরীর পোশাক ও চুলের ধরন নিয়েও আপত্তি জানিয়েছিলেন শাহরুখ খান। তার অতিরিক্ত অধিকারবোধ ও নিয়ন্ত্রণমূলক আচরণ একপর্যায়ে সম্পর্ককে বিচ্ছেদের মুখে ঠেলে দিয়েছিল।
প্রখ্যাত টেলিভিশন উপস্থাপক সিমি গারেওয়ালের অনুষ্ঠান ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অতীতের আচরণ নিয়ে খোলামেলা কথা বলেন শাহরুখ। তিনি জানান, প্রেমের দিনগুলোতে গৌরীকে নিয়ে তার মধ্যে অতিরিক্ত অধিকারবোধ কাজ করত।
সাক্ষাৎকারে শাহরুখ বলেন, গৌরী তার প্রেমিকা হলে খোলা চুলে বাইরে যাওয়া কিংবা সাদা শার্ট পরার মতো বিষয়েও তিনি নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
শাহরুখের এমন আচরণ মেনে নিতে পারেননি গৌরী। একই সাক্ষাৎকারে তিনি জানান, ওই ধরনের বিধিনিষেধকে তার কাছে অত্যন্ত আপত্তিকর মনে হয়েছিল। একপর্যায়ে শাহরুখকে সরাসরি জানিয়ে দেন, এমন সম্পর্ক আর চালিয়ে যেতে চান না। এমনকি তার সঙ্গে আর দেখা না করার সিদ্ধান্তের কথাও বলেছিলেন গৌরী।
গৌরীর এই কঠোর অবস্থানের পর শাহরুখ নিজের আচরণ নিয়ে ভাবার সুযোগ পান। পরে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে একসঙ্গে পথচলা অব্যাহত রাখেন তারা। অতীতের সেই অভিজ্ঞতা তাদের প্রেমের গল্পের একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে আছে।
শাহরুখ ও গৌরীর পরিচয় ১৯৮৪ সালে দিল্লিতে এক বন্ধুর পার্টিতে। তখন শাহরুখের বয়স ছিল ১৮ বছর আর গৌরীর ১৪। পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। দীর্ঘদিনের প্রেম ও নানা চড়াই-উতরাই পেরিয়ে ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তারা।
বর্তমানে এই দম্পতির তিন সন্তান—আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান। প্রেমের শুরুর দিকের মতবিরোধ পেরিয়ে তাদের দীর্ঘ দাম্পত্য জীবন আজও বলিউডের আলোচিত তারকা সম্পর্কগুলোর একটি।

