
সামসু উদ্দিন বাবু, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় আছুরিঘাট এলাকায় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যসহ বিভিন্ন মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য পাঁচজনের মধ্যে পানপুঞ্জির গাছ কাটার মামলায় তিনজন, নিয়মিত মামলায় একজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামি রয়েছেন।
কুলাউড়া থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতব্বরের সূত্রে জানা গেছে, আছুরিঘাট এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুজন হলেন—কুলাউড়া পৌরসভার বাদে মনসুর এলাকার মৃত ইব্রাহিম আলী ওরফে কটর মিয়ার ছেলে মনিরুজ্জামান ওরফে সৈকত মিয়া (৩৫) এবং উপজেলার ৪ নম্বর জয়চণ্ডী ইউনিয়নের গিয়াসনগর এলাকার সুরুজ মিয়ার ছেলে রাহেল আহমদ (২৫)।
এ ছাড়া পৃথক অভিযানে পানপুঞ্জির গাছ কাটার মামলায় তিনজনসহ বিভিন্ন মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

