
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উড়োজাহাজটির কারিগরি ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।
শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিকে উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উড়োজাহাজটির উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা পর্যালোচনা করতে বলা হয়েছে।
এ ছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা-ও তদন্ত করে দেখতে বলা হয়েছে। এর আগে চার দিনের জাপান সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বিমানটির।
বোর্ডিং শেষ হওয়ার পর উড়োজাহাজটি পুশব্যাক করে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লার-সংক্রান্ত ত্রুটির সংকেত দেখা যায়। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে উড্ডয়ন বাতিল করা হয়। পরে উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করে ত্রুটি মেরামত করা হয়। এতে চার ঘণ্টারও বেশি সময় বিলম্বের পর ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।
সবশেষে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এখন তদন্ত কমিটির প্রতিবেদনে উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ এবং এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো অবহেলা ছিল কি না, তা উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

