চুয়াডাঙ্গায় টাস্কফোর্সের অভিযান
অবৈধ তেল মজুদে দুইজনের জরিমানা ও কারাদণ্ড, জব্দ ডিজেল বিক্রি কৃষকদের মাঝে
- আপডেট সময় : ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে দুইজনকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। বুধবার (দুপুরে) জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের মেসার্স পিয়াস ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নেতৃত্বাধীন টাস্কফোর্স।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/16/আলমডাঙ্গায়-যৌথ-বাহিনীর/
অভিযানে ফিলিং স্টেশনে অবৈধভাবে ৩০ লিটার ডিজেল মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে পেট্রোলিয়াম আইনে স্টেশনের ম্যানেজার নজরুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, একই দিনে উপজেলার বালিহুদা গ্রামেও পৃথক অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে আতিয়ার রহমানকে ৫০০ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জমির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/16/মোবাইল-কোর্টের-অভিযানে-১/
অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বাজারে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রাসেল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ ও বিজিবির সমন্বয়ে পরিচালিত এই যৌথ অভিযানে জব্দকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়, যা স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি এনে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ করছিল। প্রশাসনের এমন কঠোর অবস্থানে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদ বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।






















