ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ক্ষমতায় আসছে বিজেপি
- আপডেট সময় : ১১:৫৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই একাধিক বুথ ফেরত জরিপের ফল প্রকাশ হতে শুরু করেছে।
বুধবার (২৯ এপ্রিল ) ভোট পর্ব শেষ হতেই বিভিন্ন প্রকাশিত এক্সিট পোলের ফলাফলে এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় পালা বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে দাবি করা হয়েছে। অধিকাংশ জরিপেই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে এবং দলটি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলেও ধারণা দেওয়া হয়েছে। পিএমএআরকিউ এর জরিপ অনুযায়ী ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি পেতে পারে ১৫০ থেকে ১৭৫টি আসন। অপরদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য আসন ধরা হয়েছে ১১৮ থেকে ১৩৮ টি। কংগ্রেসের আসন সংখ্যা ২ থেকে ৬টির মধ্যে সীমিত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ টি আসন।
অন্যদিকে, ম্যাট্টিজ্র এর জরিপে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১২৫ থেকে ১৪০ টি আসন। বিজেপি পেতে পারে ১৪৬ থেকে ১৬১ টি আসন এবং অন্যান্য দলগুলো ৬ থেকে ১০ টি আসনে জয়ী হতে পারে। অপর একটি সংস্থা পোল ডায়রি জানিয়েছে, বিজেপি ১৪২ থেকে ১৭১ টি আসন পেতে পারে। সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৯৯ থেকে ১২৭টি আসন। অন্যান্য দলগুলো একটি আসন পেতে পারে। সব মিলিয়ে বিভিন্ন এক্সিট পোলের ফলাফল বিজেপির জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।

























