হাজারো মানুষের ঢলে চট্টগ্রামে মোশাররফ হোসেনের জানাজা, ‘জয় বাংলা’ স্লোগানে বিদায়
- আপডেট সময় : ০৩:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা।বৃহস্পতিবার সকাল ১১টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে তাকে শেষ বিদায় জানান দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।
জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। মরদেহ জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় তার কফিন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/সংসদের-সফলতা-নির্ভর-করবে/
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য। বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে তার অবদান মানুষ দীর্ঘদিন স্মরণ করবে। আওয়ামী লীগ নেতা শেখ আতাউর রহমান বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, পাকিস্তান আমল থেকেই মোশাররফ হোসেনের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক ছিল এবং চট্টগ্রামের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জানাজার পর মরদেহ মীরসরাইয়ের ধুম গ্রামের উদ্দেশে নেওয়া হয়। সেখানে বাদ আসর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/চূড়ান্ত-ভোটার-তালিকা-প্/
১৯৪৩ সালে চট্টগ্রামের মীরসরাইয়ে জন্ম নেওয়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ছয়বারের সংসদ সদস্য। তিনি মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে গৃহায়ণ ও গণপূর্ত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
























