নির্বাচন-পরবর্তী সময়ে পদ্মবিলায় জনগণের সঙ্গে মতবিনিময় করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল
- আপডেট সময় : ১২:৫৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
নির্বাচন-পরবর্তী সময়ে তৃণমূল মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করতে পদ্মবিলা ইউনিয়নে মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। বুধবার বিকাল ৩টা থেকে শুরু হওয়া এ সভায় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও উন্নয়ন বিষয়ক আলোচনা করেন।
সভাস্থলে পৌঁছালে পদ্মবিলা ইউনিয়নের সাধারণ জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি উপস্থিত সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, সহকারী সেক্রেটারি মো. শাহেন উজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম, অফিস সম্পাদক মো. আশিরউদ্দীন, সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. আশিরউদ্দীন বিশ্বাস ইমরান, পদ্মবিলা ইউনিয়ন আমীর মো. আসমান আলী, মো. মাসুদ রানা সহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় এলাকার অবকাঠামো উন্নয়ন, সড়ক-ঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় উঠে আসে। স্থানীয়রা তাদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, “নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে তৃণমূল পর্যায়ে সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময় জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করে। পদ্মবিলার এ আয়োজনও সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করছেন স্থানীয়রা। সভা শেষে এমপি উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের আশ্বাস দেন।




















