আলমডাঙ্গায় প্রভাষকের বাড়িতে ডাকাতি: তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন ডাকাত গ্রেফতার
- আপডেট সময় : ০২:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ২৪৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামে প্রভাষক মোঃ শামসুল আলমের বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/রেমিট্যান্সের-টাকায়-গড়/
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখ গভীর রাতে আলমডাঙ্গা থানাধীন ৭নং জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামে প্রভাষক মোঃ শামসুল আলমের বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। রাত আনুমানিক ২টা ১৫ মিনিট থেকে ৩টার মধ্যে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ ২০ হাজার টাকা এবং প্রায় ২ লাখ ৯৮ হাজার টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত স্বর্ণালঙ্কারের মধ্যে ছিল কানের দুল, চুড়ি, চেইন ও নাকফুল।এ ঘটনায় ভুক্তভোগী শামসুল আলম আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানায় মামলা নং-১৯, তারিখ ১৭/০৪/২০২৬, পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রুজু করা হয়।
ঘটনার পরপরই চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এর সার্বিক দিকনির্দেশনায় তদন্তে নামে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ বানী ইসরাইল এর তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে প্রথমে গত ২৭ মে রাত ৩টা ১৫ মিনিটে কুষ্টিয়া সদর থানার খাজানগর এলাকা থেকে মোঃ সালাউদ্দিন (৪৫) নামে একজনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/চুয়াডাঙ্গা-জেলা-পরিষদে-2/
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ জুন রাত ও ভোরে আরও দুই আসামিকে আটক করা হয়। তারা হলেন— কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মোঃ ছাবদুল ওরফে ছাবদুল্লাহ (৫০) এবং আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মোঃ আকাশ আহম্মেদ (২১)।পুলিশ জানায়, গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে ছাবদুল্লাহ ও আকাশ ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/কুষ্টিয়ার-পাঁচ-রাস্তার/
এদিকে গ্রেফতারকৃত ছাবদুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর মাঠপাড়া এলাকায় একটি জঙ্গলের ভেতর অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি সুচালো লোহার রড ও একটি লোহার প্লাস উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এমন একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং দ্রুত আসামি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যেও আস্থা বেড়েছে বলে মন্তব্য করেন অনেকে।



















