ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫
- আপডেট সময় : ০৬:৪৬:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
বড়সড়ো দুর্ঘটনার কবলে এনবিএসটিসির বাস। রবিবার (২১ জুন) সকালে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৫৩ জন।
জানা গেছে, এদিন যাত্রী নিয়ে শিলিগুড়ি থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল বাসটি। কিন্তু তিস্তা ব্রিজ পার করার পর বাসটি ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে।
এরপর দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ও ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে পাঠানো হয়েছে।
এদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশংকাজনক বলে জানা গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টিকে রাস্তা থেকে সরাতে উদ্ধার কার্য চালাচ্ছে পুলিশ ও দমকল বাহিনী।
























