খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান
- আপডেট সময় : ০৩:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খেলাফত মজলিসের উদ্যোগে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মোঃ সিরাজুল হক। তিনি বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করতে হবে। ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আনিসুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের মাস। এই মাসে কোরআনের শিক্ষা অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান কেবল রোজা রাখার মাস নয়; বরং এটি আত্মসংযম, মানবিকতা, সহমর্মিতা ও আল্লাহভীতির শিক্ষা দেয়। রমজানের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে পারলেই একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও মুসল্লিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।




















