আলমডাঙ্গা পৌরসভার সব ওয়ার্ডে ভিজিএফ চাল বিতরণ, ঈদে দুঃস্থদের মুখে হাসি
- আপডেট সময় : ০৬:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১১২ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সরকারি সহায়তা কর্মসূচি ভিজিএফ (VGF) এর চাল বিতরণ করা হয়েছে। আলমডাঙ্গা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক পান্না আক্তার। তাঁর সার্বিক তত্ত্বাবধানে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর দায়িত্বশীল নেতাকর্মী ও জনপ্রতিনিধিরাও উপস্থিত থেকে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চাল বিতরণে সহযোগিতা করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/15/খালেদা-জিয়ার-রুহের-মাগফ/
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব পান্না আক্তার বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে করে দরিদ্র পরিবারগুলোও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে এবং স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে। চাল পেয়ে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।পৌরসভার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে আলমডাঙ্গা পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে তালিকাভুক্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পর্যায়ক্রমে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে, যা ঈদ উদযাপনে তাদের কিছুটা হলেও সহায়তা করবে।




















