বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান, মূল্য তালিকা না থাকায় দোকানিকে জরিমানা
- আপডেট সময় : ১২:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক মুদি দোকানিকে জরিমানা করা হয়েছে। বাজারে পণ্যের মূল্য স্বচ্ছতা নিশ্চিত করতে পরিচালিত এ অভিযানে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে ভাংবাড়ীয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বাজারের ভাই ভাই স্টোর নামের একটি মুদি দোকানে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হলেও দোকানের কোথাও পণ্যের নির্ধারিত মূল্য তালিকা টাঙানো ছিল না। এতে ক্রেতারা পণ্যের প্রকৃত মূল্য সম্পর্কে অবগত হতে পারছিলেন না এবং অতিরিক্ত মূল্য আদায়ের আশঙ্কা তৈরি হচ্ছিল। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় দোকান মালিক রহিদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তিনি ভবিষ্যতে দোকানে নিয়ম অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শনের প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/15/ফেনীতে-জাল-টাকা-তৈরির-সরঞ/
অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম। তিনি বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা দোকানের দৃশ্যমান স্থানে প্রদর্শন করা বাধ্যতামূলক। এ নিয়ম না মানলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান চলাকালে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমানসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে পণ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।




















