মুহূর্তের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড উদয়পুর-কাটাভাঙ্গা, স্বজন হারানোর বেদনায় স্তব্ধ গ্রাম – পাশে দাঁড়ালেন এমপি রাসেল
- আপডেট সময় : ০২:০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
প্রকৃতির নির্মম রোষে মুহূর্তেই বদলে গেলো স্বাভাবিক জীবনের ছন্দ। বুধবার (১৮ মার্চ ২০২৬) রাত ৮টা ৪৫ মিনিটে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ও বাড়াদী ইউনিয়নের উদয়পুর ও কাটাভাঙ্গা গ্রামে আঘাত হানে আকস্মিক ঘূর্ণিঝড়। কয়েক মিনিটের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো জনপদ—বাড়িঘর ভেঙে পড়ে, উপড়ে যায় গাছপালা, মাঠের ফসল নিশ্চিহ্ন হয়ে পড়ে থাকে ধ্বংসস্তূপের নিচে।
এই ভয়াবহ দুর্যোগে প্রাণ হারান এক ব্যক্তি। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানোর আহাজারি আর ক্ষতিগ্রস্তদের কান্নায় ভারী হয়ে ওঠে গ্রামের বাতাস। প্রায় ৭০টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক বিধ্বস্ত হয়ে পড়েছে, অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। ঘূর্ণিঝড়ের সেই বিভীষিকাময় রাতের কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে যায়, প্রবল ঝড়ের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ঘর উড়ে যায়, কেউ আশ্রয় নেন পাশের বাড়িতে, কেউবা খোলা মাঠে প্রাণ বাঁচাতে ছুটে যান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/ঈদুল-ফিতরে-দেশ-বিদেশের-মু-2/
দুর্যোগের পরদিনই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ছুটে আসেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজখবর নেন, শোনেন তাদের বেদনার গল্প। এসময় তিনি তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে পুনর্বাসনের আশ্বাস দেন। সংসদ সদস্য বলেন, “এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে সরকার সবসময় থাকবে। আমরা তাদের পুনর্বাসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/বিএনপি-মানুষের-কল্যাণের/
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। তিনি জানান, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। প্রকৃতির এই নির্মম আঘাতে ক্ষতবিক্ষত উদয়পুর ও কাটাভাঙ্গা গ্রামের মানুষ এখন তাকিয়ে আছে সহায়তার দিকে। স্বপ্নভাঙা এই মানুষগুলো নতুন করে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়—মানবিক সহমর্মিতা আর সরকারি সহায়তাই এখন তাদের একমাত্র ভরসা।




















