যশোরে হাম-রুবেলা টিকাদান শুরু
- আপডেট সময় : ১২:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
শিশুদের প্রাণঘাতী হাম রোগ প্রতিরোধে জরুরি ভিত্তিতে যশোরে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। গতকাল রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনেই টিকা কেন্দ্রে শিশু ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা কর্মসূচির সফল বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে।
এদিন সকাল ৯টায় সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) খান মাসুম বিল্লাহ, পুলিশ সুপার রাজীব হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক দিলদার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু প্রমুখ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/গাজীপুরে-হাম-রুবেলা-প্রত/
পরে বেলা ১১টায় যশোর পৌরসভায় দ্বিতীয় টিকাদান কেন্দ্রের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব আনিছুর রহমান মুকুল, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক কে. এইচ শানুুল হক সেতু, পৌরসভার সিইও সৈয়দ মুরাদ আলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র খুলনা বিভাগীয় সমন্বয়ক আরিফুল ইসলাম এবং ইউনিসেফের বিভাগীয় প্রতিনিধি তাপস কুমার হালদারসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/কুলাউড়ায়-হামের-প্রাদু/
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এ টিকার আওতায় আনা হচ্ছে। যশোর সদর উপজেলায় প্রায় ৯১ হাজার এবং পৌরসভায় প্রায় ৪০ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। হামপ্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রথম পর্যায়ে জরুরি ভিত্তিতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম দিনে নোয়াপাড়া ইউনিয়নের ছয়টি কেন্দ্র এবং পৌরসভার একটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। প্রথম দিনে যশোর সদর উপজেলায় হাম রুবেলা টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা ছিল ২০৬৫, অর্জিত হয় ২০৪৭। যশোর পৌরসভায় লক্ষ্যমাত্রা ছিল ৬০০, অর্জিত হয়েছে ৫৩৭। টিকাদান কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিশুদের টিকা প্রদান নির্বিঘ্নে চলমান রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই কর্মসূচির মাধ্যমে জেলার শিশুদের মধ্যে হাম ও রুবেলা রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।






















