নির্মমতা ছাপিয়ে গেল মানবতা
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত আপন চাচারা
- আপডেট সময় : ১০:৩৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাহতাব হোসেন হৃদয় (৫) নামে এক শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন চাচাদের বিরুদ্ধে। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের ফারুক হোসেনের পুত্র।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মার্জান গ্রামের মৃত হাতেমের ছেলে হামেদ আলী তার বাড়িতে টয়লেট নির্মাণের জন্য ফারুক হোসেনের গোয়ালঘরের পাশে মাটি ফেলছিলেন। এ নিয়ে ফারুক হোসেন বাধা দিলে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে হামেদের পক্ষ নিয়ে তার ভাই পেশকার, আশকার, হাকিম ও মোক্তার লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে আসে। পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে ফারুক হোসেন তার শিশু সন্তানকে কোলে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/16/বৈশাখে-লোকজ-সুরের-মেলবন্/
এ সময় হামেদ আলী চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করলে ফারুক হোসেনের কোল থেকে শিশু হৃদয় মাটিতে পড়ে যায়। ফারুক কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হলেও, অসহায় শিশুটিকে লক্ষ্য করে হামলাকারীরা নির্মমভাবে কোপায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। হৃদয়ের মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/16/আলমডাঙ্গায়-রেকটিফাইড-স্/
ঘটনার পরপরই অভিযুক্ত হামেদ আলী, পেশকার, আশকার, মোক্তার ও হাকিম বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি তুচ্ছ বিরোধ যে এত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তার নির্মম উদাহরণ হয়ে রইলো এই ঘটনা। নিরপরাধ এক শিশুর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না—এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।






















