চুয়াডাঙ্গায় বিশেষায়িত চক্ষু ও শিশু হাসপাতাল নির্মাণে উদ্যোগ
- আপডেট সময় : ০১:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বিশেষায়িত চক্ষু হাসপাতাল ও শিশু হাসপাতাল নির্মাণের দাবি উত্থাপন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি। মঙ্গলবার (১২ মে ২০২৬) রাজধানীতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপির নিকট লিখিতভাবে বিষয়টি উপস্থাপন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন এমপি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/কলকাতার-তপসিয়ার-বহুতলে/
সাক্ষাৎকালে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি চুয়াডাঙ্গা জেলার মানুষের স্বাস্থ্যসেবাগত বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। বিশেষ করে উন্নত চক্ষু চিকিৎসা ও শিশুস্বাস্থ্য সেবার ক্ষেত্রে জেলার মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে অনেক রোগীকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা, রাজশাহী কিংবা অন্যান্য বড় শহরে যেতে হয়। এতে সময়, অর্থ ও দুর্ভোগ—সবকিছুরই চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপর।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় বিশেষায়িত চক্ষু হাসপাতাল ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠিত হলে জেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাবেন। একই সঙ্গে স্বাস্থ্যখাতে জেলার সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা সহজলভ্য হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/সবাই-মিলে-দেব-কর-স্বনির্ভ/
স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে চুয়াডাঙ্গার স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সচেতন মহল। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল দুটি নির্মাণের কার্যক্রম শুরু হবে এবং বহুদিনের স্বাস্থ্যসেবার সংকট অনেকটাই লাঘব হবে।




















