আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার -২
- আপডেট সময় : ০৩:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বাড়াদী ইউনিয়নের আঠারোখাদা উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মানিক কুমার শিকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে আঠারোখাদা উত্তরপাড়াস্থ ফজর আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মাসুদ আলী (২০), পিতা: মোঃ জাহিদুল ইসলাম এবং মোঃ ওমর আলী (২৩), পিতা: মোঃ আকছেদ আলী। তারা উভয়েই আঠারোখাদা গ্রামের বাসিন্দা। অভিযানকালে তাদের কাছ থেকে ২০ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাত ১১টা ১৫ মিনিটে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়, হেফাজতে রাখা ও এর পৃষ্ঠপোষকতায় আরও দুইজন সহযোগী এবং অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-৩৫, তারিখ ২১ মে ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মাদক নিয়ন্ত্রণে পুলিশের এমন ধারাবাহিক অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান ও সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।




















