কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানায় অভিযান, মালিকের ১ বছরের কারাদণ্ড
- আপডেট সময় : ১১:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে পরিচালিত একটি ফ্রুট পুডিং ও জেলি তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণ খাদ্যপণ্য ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের চিংগড়িয়া এলাকার শেষ প্রান্তে মর্তুজা কালভার্ট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ ফ্রুট পুডিং ও জেলি তৈরির কারখানার সন্ধান পায় প্রশাসন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/মাদারগঞ্জে-অবশেষে-আটক-হল/
অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে ফ্রুট পুডিংসহ প্রায় সাত ধরনের খাদ্যপণ্য অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির কোনো ধরনের বৈধ লাইসেন্স, অনুমোদন বা প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। এতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল বলে জানায় প্রশাসন।
এ ঘটনায় কারখানার মালিক মোকসেদুল আলমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। তিনি বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত বিষয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। অবৈধ ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন,https://www.dailyamaderpatrika.com/2026/05/23/রাশিয়া-ইউক্রেন-যুদ্ধে-ম/
অভিযান শেষে কারখানায় উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য, কেমিক্যাল ও মালামাল জব্দ করে ধ্বংস করা হয়। পরে অভিযুক্তকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, ফুড ইন্সপেক্টর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।




















