শিশু রামিসাসহ দেশজুড়ে শিশু নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিটিএফ’র স্মারকলিপি
- আপডেট সময় : ০৪:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
শিশু রামিসা আক্তারসহ দেশজুড়ে ক্রমবর্ধমান শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় স্মারকলিপি প্রদান করেছে ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখা।
রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় এনসিটিএফ’র সদস্যরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/প্রাকৃতিক-দুর্যোগে-ক্ষতি/
স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু রামিসা আক্তারের মর্মান্তিক ঘটনা সারাদেশের মানুষকে নাড়া দিয়েছে। এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
এনসিটিএফ নেতৃবৃন্দ বলেন, শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে শিশু সুরক্ষায় এগিয়ে আসতে হবে। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/ইসলামি-ব্যাংকিং-ধ্বংসের/
স্মারকলিপি প্রদানকালে এনসিটিএফ চুয়াডাঙ্গার সদস্যবৃন্দ, শিশু সংগঠক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে।”
স্মারকলিপির মাধ্যমে শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি এবং শিশুদের সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয়।




















