অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে ডাসার-কালকিনিতে মানববন্ধন ও বিক্ষোভ
- আপডেট সময় : ১২:২৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলার সচেতন নাগরিক সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাদারীপুরের ডাসার ও কালকিনি এলাকায় অপসাংবাদিকতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকতার নামে কিছু ব্যক্তি সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল, চাঁদাবাজি ও হয়রানির সঙ্গে জড়িত রয়েছেন বলে তারা দাবি করেন।
বক্তারা বলেন, “আমরা প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে নই। আমরা হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা এবং ভিউ ব্যবসার নামে বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।” এ সময় তারা কয়েকজন কথিত সাংবাদিকের নাম উল্লেখ করে অভিযোগ করেন যে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব এবং অপসংবাদ ছড়িয়ে পড়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/09/সাতক্ষীরার-দেবহাটাই-র্য/
তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের স্বার্থে অপসাংবাদিকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। ডাসার ও কালকিনি এলাকায় কোনো ধরনের অপসাংবাদিকতা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে বক্তারা দাবি করেন, বিগত সরকারের আমলে সাংবাদিকতার আড়ালে কিছু কথিত অপসাংবাদিক প্রশাসন ও সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। মিথ্যা ও ভুয়া সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি, মাদক কারবারিদের সহযোগিতা এবং বিভিন্ন অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/09/ভুয়া-এএসপি-পরিচয়ে-প্রত/
এ সময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের প্রধান মনির সরদার, মিঠু শিকদার, আব্দুস সালাম সরদার, সাবেক সেনা সদস্য জাকির হাওলাদার, হেলাল বেপারী, ফরহাদ সরদার, রেজাউল বেপারী, শাওন বেপারী, ফজলুল হক সরদার, কামরুল সরদার, কবির মাতুব্বরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক সচেতন নাগরিক।




















