মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার ‘বিগ বাজেট’ উপস্থাপন, নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
১২৭ বছরের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১১০ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৩৬০ টাকার প্রস্তাবিত খসড়া বাজেট উপস্থাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জুন) সকালে পৌরসভা সম্মেলন কক্ষে নাগরিক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পৌর প্রশাসক (উপসচিব) জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রস্তাবিত বাজেটের বিভিন্ন খাত, আয়-ব্যয়ের হিসাব এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় তিনি বলেন, “উন্নত ও আধুনিক পৌর নাগরিক সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সে লক্ষ্য সামনে রেখেই বাস্তবমুখী ও উন্নয়নবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/অপরাধের-পথে-পা-কারাগারে-শ/
প্রস্তাবিত বাজেটে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ, সড়ক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রকল্প (সিসিটিএফপি), আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুৎ বাতি স্থাপন, ড্রেনেজ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন, সৌন্দর্যবর্ধন, স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি, ডেঙ্গু-চিকুনগুনিয়া ও হাম-রুবেলা প্রতিরোধ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া শিশু পার্ক, ঈদগাহ, কবরস্থান, ওয়াকওয়ে, অডিটোরিয়াম, কমিউনিটি সেন্টার, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলার মাঠ এবং পুকুর-জলাশয় সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমও বাজেটে গুরুত্ব পেয়েছে। সভায় ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের প্রকৃত ও সংশোধিত বাজেটের পর্যালোচনা, সরকারি ও দাতা সংস্থার অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পসমূহের আয়-ব্যয়ের বিবরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/রাজধানীতে-আর্জেন্টিনা-সম/
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রবীণ রাজনীতিবিদ কাজী হুমায়ুন কবীর, জেলা বিএনপির অন্যতম সিনিয়র সদস্য কে এম তোফাজ্জেল হোসেন ছান্টু, সাবেক সিভিল সার্জন ও নিরাময় হাসপাতাল (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. সরোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক – রুবায়েত হোসেন দুলাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জেলা শাখার সভাপতি খান মো. শহীদ এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) মাদারীপুর জেলা শাখার সভাপতি এনায়েত নান্নু।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/একটি-কথার-ভার-একটি-কিশোরে/
সভায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেন, নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, এনজিও কর্মী এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় পর্বে বক্তারা বলেন, বাজেটের আকার বড় হলেও এর সফল বাস্তবায়নের জন্য কার্যকর কর্মপরিকল্পনা, নতুন রাজস্ব খাত সৃষ্টি এবং করদাতার সংখ্যা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা পৌর নাগরিক সুবিধা গ্রহণ করেও যারা কর প্রদান করছেন না, তাদের চিহ্নিত করে করের আওতায় আনার আহ্বান জানান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/চুয়াডাঙ্গা-সদর-হাসপাতা-4/
এছাড়া শহরের যানজট নিরসনে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার জন্য পৌর লাইসেন্স চালু, চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং যানবাহনের জন্য নির্দিষ্ট রঙ ও পরিচিতি ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাবও উত্থাপন করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা নাগরিক সেবার মানোন্নয়ন ও পরিকল্পিত নগর উন্নয়নে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।




















