মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ১২:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের পাশাপাশি যত দ্রুত সম্ভব শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আর ওপড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/প্রথম-বিদেশ-সফরে-আজ-মালয়/
এ সময় তিনি অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণ এবং বিভিন্ন কারণে আটক বাংলাদেশিদের পুনরায় কর্মসংস্থানের সুযোগ দেওয়ার বিষয়টিও তুলে ধরেন। তারেক রহমান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশই একমত যে কর্মী নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী। মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে শ্রমিকদের ব্যয় হ্রাসের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য তিনি দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী এবং আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/তিস্তার-পানি-বিপৎসীমার-দ/
তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, কৃষি, শিক্ষা, সেমিকন্ডাক্টর শিল্প এবং জনসম্পৃক্ততার মতো বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বৈঠকে স্বাক্ষরিত বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতের সহযোগিতার ভিত্তি আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/তিন-বিভাগে-৪৮-ঘণ্টায়-ভার/
সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের আলোচনা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে এবং দুই দেশ যৌথ সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি ও উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে। উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

























