শরীয়তপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৪:২১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর এলাকায় অবস্থিত মেসার্স এম কে এম ব্রিক্স নামক একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটাটি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(২) ধারা লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল। এ অপরাধে আদালত ইটভাটাটিকে ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার সম্পূর্ণ অর্থ আদায় করা হয়।
এ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান। অভিযানের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ শরীয়তপুর সহযোগিতা প্রদান করে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















