চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম, প্রাণ বাঁচাতে থানায় আশ্রয়
- আপডেট সময় : ০১:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১৩৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা পৌর এলাকায় নয়ন আল মামুন (৩২) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। জীবন বাঁচাতে রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেলযোগে সদর থানায় আশ্রয় নিলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল রাতে শহরের বিএডিসি মোড়ের পুরাতন স্টেডিয়াম সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত নয়ন আল মামুন চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারপাড়ার বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় একজন গ্রাফিকস ডিজাইনার। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় নয়ন আল মামুন ও তার এক সঙ্গী মোটরসাইকেলযোগে শহরের দিকে আসছিলেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/27/কড়াইলে-বিনামূল্যে-আইনি/
পথিমধ্যে বিএডিসি সড়কের পুরাতন স্টেডিয়ামের কাছে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন যুবকের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে নয়নকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় প্রাণ রক্ষার্থে নয়ন দ্রুত মোটরসাইকেল চালিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় গিয়ে আশ্রয় নেন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতের বড় ভাই জানান, হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ঘটনার সুনির্দিষ্ট কারণও অজানা। “আমার ভাই কাউকে চিনতে পারেনি,” বলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য নয়নকে রাজশাহী অথবা ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান পরিবারের সদস্যরা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/27/শাহজাদপুরে-শিশু-ধর্ষণ-গ্/
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, আত্মরক্ষার্থে আহত ব্যক্তি নিজেই থানায় চলে আসেন। পরে পুলিশ দ্রুত তাকে হাসপাতালে পাঠায় এবং চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি ভুক্তভোগীকে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




















