কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
- আপডেট সময় : ০১:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ৯ এপ্রিল আদেশ দেওয়ার কথা থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। এ নিয়ে অভিযোগ গঠন সংক্রান্ত আদেশের তারিখ দুই দফা পিছিয়েছে। গত ১১ মার্চ আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি দাবি করেন, অভিযোগের পক্ষে প্রসিকিউশন কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং আসামিদের সঙ্গে কোনো হত্যাকাণ্ডের সরাসরি সম্পৃক্ততাও দেখাতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/29/কোরবানির-ঈদে-টানা-১১-দিনে/
অন্যদিকে, গত ২ মার্চ প্রসিকিউশন অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করে। শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তৎকালীন সরকারকে টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন উসকানিমূলক ভূমিকা পালন করেন। তাদের বক্তব্য ও কার্যক্রমের মাধ্যমে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির পরিবেশ তৈরি হয়।
প্রসিকিউশনের দাবি, ধারাবাহিক এসব কর্মকাণ্ডের ফলেই আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যার অভিযোগসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।


























