চুয়াডাঙ্গায় শুরু হলো দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬
- আপডেট সময় : ১২:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
খুদে ফুটবলারদের প্রাণবন্ত অংশগ্রহণ, দর্শকদের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬”।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/হজযাত্রীদের-সম্মানে-মক্ক/
সোমবার (১১ মে) সকালে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরাতন স্টেডিয়াম পরিণত হয় এক মিলনমেলায়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংগীত পরিবেশন, খেলোয়াড়দের শপথ পাঠ এবং বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করা হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহার তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চা শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক। তিনি শিক্ষার্থীদের মোবাইল ও অনলাইন নির্ভরতা কমিয়ে মাঠমুখী হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/চুয়াডাঙ্গায়-নতুন-কুঁড/
টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। প্রতিটি ম্যাচে খুদে খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য ও প্রতিযোগিতামূলক মনোভাব দর্শকদের মুগ্ধ করে। মাঠজুড়ে ছিল সমর্থকদের করতালি, উল্লাস ও আনন্দধ্বনি।
আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন। দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট শেষে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিশুদের অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজন চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





















