জাতীয় শিক্ষা পদকে আলমডাঙ্গার গর্ব: শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নাসির উদ্দীন এটম ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নাজমুর সৈকত
- আপডেট সময় : ১১:৪৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার এক মহৎ ব্রত। সেই ব্রতের সফল কারিগরদের সম্মান জানাতেই জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার আয়োজন। আর এ বছরের প্রতিযোগিতায় আলমডাঙ্গা উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে শিক্ষা অঙ্গনে নতুন গৌরব যুক্ত করেছেন দুই নিবেদিতপ্রাণ শিক্ষক।
জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় আলমডাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মো: নাসির উদ্দীন এটম। তিনি আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মো: নাজমুর সৈকত, যিনি গোবিন্দপুর এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, নৈতিকতা ও সৃজনশীলতার আলো ছড়িয়ে চলেছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/আলমডাঙ্গা-পৌরসভার-সম্ভাব/
শিক্ষাক্ষেত্রে তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং আলমডাঙ্গা উপজেলার সমগ্র শিক্ষা পরিবারের জন্য এক গর্বের বিষয়। শিক্ষকতার মহান পেশাকে হৃদয়ে ধারণ করে তারা যেভাবে কোমলমতি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তারা শুধু শিক্ষক নন, বরং একজন পথপ্রদর্শক, অভিভাবক ও অনুপ্রেরণার প্রতীক।
বিদ্যালয়ের পাঠদানকে আনন্দময় ও আধুনিক করতে তাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ইতোমধ্যেই শিক্ষা অঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এমন স্বীকৃতি নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে এবং শিক্ষকদের মাঝে দায়িত্ববোধ ও কর্মস্পৃহা বাড়াবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/আলমডাঙ্গা-থানা-পুলিশের-ম-2/
তাদের এই অর্জনে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শিক্ষার আলো ছড়িয়ে সমাজকে আলোকিত করার এই অভিযাত্রায় দুই গুণী শিক্ষকের আগামী দিন আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা এলাকাবাসীর। তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।




















