রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাদারীপুরের যুবক নিহত, পরিবারে শোকের ছায়া
- আপডেট সময় : ১১:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাদারীপুরের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাম সুরুজ কাজী। তিনি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছাড়া গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ মাস আগে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়েন সুরুজ কাজী। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে উন্নত জীবনের আশায় দালাল দেলো মাতুব্বরের মাধ্যমে বিদেশে যাওয়ার উদ্যোগ নেন তিনি। প্রথমে তাকে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে ভালো চাকরির আশ্বাস দেওয়া হলেও পরে বাংলাদেশি দালাল জাফরের মাধ্যমে তাকে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/রায়গঞ্জে-নিমগাছি-অনুমোদ/
পরিবারের দাবি, সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ড্রোন হামলায় নিহত হন সুরুজ কাজী। তার মৃত্যুর বিষয়টি প্রথমে গোপন রাখা হলেও পরে রাশিয়ায় অবস্থানরত দুই বাংলাদেশি প্রবাসী মোবাইল ফোনে বিষয়টি পরিবারকে নিশ্চিত করেন। সুরুজের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাড়িতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর ভিড় জমে যায়। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বৃদ্ধ বাবা-মা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/দিনাজপুর-পৌর-বিএনপির-জরু/
নিহত সুরুজের বোন শারমিন বলেন, “আমার ভাইকে রাশিয়ান কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে দালালরা টাকার বিনিময়ে রাশিয়ান সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই এবং ওই দালালদের শাস্তির দাবি করছি।” এ বিষয়ে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান বলেন, “নিহত সুরুজ কাজীর মরদেহ দেশে আনার ব্যাপারে সর্বাত্মক আইনি সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি সবাইকে সচেতন থাকতে হবে, যাতে এভাবে ঝুঁকি নিয়ে বিদেশে যেতে না হয়।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/গরমে-প্রশান্তির-ঠিকানা-ত/
এদিকে, স্বজন ও এলাকাবাসী অসচ্ছল পরিবারটির জন্য সরকারি সহায়তা এবং সুরুজ কাজীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।




















