স্মৃতির আলোয় এমদাদুল হক ডাবু
আলমডাঙ্গায় বিএনপি নেতার প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন স্মরণসভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৪:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
সময়ের স্রোতে একটি বছর পেরিয়ে গেছে। কিন্তু আলমডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে এখনও যেন অনুভূত হয় এক পরিচিত মুখের শূন্যতা। রাজপথের আন্দোলন-সংগ্রামের সাহসী সৈনিক, দক্ষ সংগঠক এবং বিএনপির ত্যাগী নেতা এমদাদুল হক ডাবুর অনুপস্থিতি এখনও নাড়া দেয় সহকর্মী, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক কর্মীদের হৃদয়ে।
সোমবার (১৫ জুন) ছিল তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও দোয়া মাহফিল। সেখানে উপস্থিত নেতাকর্মীদের বক্তব্যে বারবার উঠে আসে ডাবুর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ এবং দলের প্রতি তাঁর অবিচল নিষ্ঠার কথা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/বিনা-নোটিশে-ব্যবসা-প্রতি/
বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। আবেগঘন বক্তব্যে তিনি বলেন, “রাজনীতিতে এমদাদুল হক ডাবু ভাইয়ের যে মেধা, আদর্শ ও বিশ্লেষণী ক্ষমতা ছিল, তা অনুকরণীয়। তাঁর রাজনৈতিক আদর্শ যদি কেউ ধারণ করতে পারে, তাহলে আলমডাঙ্গাতেও অনেক যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে পারে।”
তিনি আরও বলেন, “তিনি যেভাবে আলমডাঙ্গায় দল ও সংগঠনকে গড়ে তুলেছেন এবং নেতৃত্ব দিয়েছেন, তা আমাদের অনুসরণ করতে হবে। বিএনপি ও অঙ্গ-সংগঠনের প্রয়াত নেতাদের স্মরণে এরশাদ মঞ্চে একটি বৃহৎ স্মরণসভার আয়োজন করা হবে, যেখানে তাঁদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে।” বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে মন্তব্য করতে গিয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, “এখন বিএনপিতে সবাই নেতা, কিন্তু কর্মী খুব কম। দলকে শক্তিশালী করতে হলে কর্মীবান্ধব রাজনীতির চর্চা বাড়াতে হবে।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/রাষ্ট্রবিরোধী-কর্মকাণ্ড/
স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। তিনি বলেন, “ডাবুর সাংগঠনিক দক্ষতা ছিল অসাধারণ। বর্তমানে যারা ছাত্রদল ও যুবদল করছেন, তাঁদের কাছে তাঁর সংগ্রাম ও সাহসের ইতিহাস অনুপ্রেরণা হয়ে থাকবে।” তিনি আরও জানান, প্রয়াত বিএনপি নেতাদের একটি তালিকা প্রস্তুত করে তাঁদের স্মরণে বিশেষ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘চ্যালেঞ্জিং’ উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/বিনা-নোটিশে-ব্যবসা-প্রতি/
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন।
এছাড়া বক্তব্য দেন প্রয়াত নেতার ছোট ভাই, ফ্রান্স বিএনপির নেতা ও চ্যানেল ডি.ও নিউজের সিইও আব্দুল্লাহ টিপু সুলতান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি বোরহান উদ্দীন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, প্রয়াত নেতার বড় ছেলে আবির আনাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসানসহ আরও অনেকে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/রায়গঞ্জে-বিএডিসির-সার-ড/
বক্তারা তাঁদের বক্তব্যে স্মরণ করেন এক নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীকে, যিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও আদর্শের জন্য কাজ করেছেন দীর্ঘদিন। তাঁদের ভাষায়, এমদাদুল হক ডাবু ছিলেন এমন একজন সংগঠক, যিনি সংকটময় সময়ে কর্মীদের পাশে দাঁড়াতেন এবং রাজনৈতিক সিদ্ধান্তে দেখাতেন দূরদর্শিতা।
অনুষ্ঠানের শেষ পর্বে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. সাফি। দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এক বছর পরও এমদাদুল হক ডাবুর স্মৃতি যেন আলমডাঙ্গার রাজনৈতিক পরিমণ্ডলে জীবন্ত। তাঁর কর্ম, আদর্শ ও ত্যাগের গল্প নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন তাঁর সহযোদ্ধারা।




















