শরীয়তপুরে নবনির্বাচিত সংসদ সদস্য দের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
- আপডেট সময় : ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
শরীয়তপুর জেলায় রয়েছে তিনটি সংসদীয় আসন। জেলার এই তিনটি সংসদীয় আসনে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সহিত জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।সভায় নবনির্বাচিত সংসদ সদস্যরা জেলার চলমান উন্নয়ন প্রকল্প, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সম্ভাব্য সমস্যা ও তার সমাধান নিয়েও আলোচনা হয়। নবনির্বাচিত সংসদ সদস্যরা বলেন, দলমত নির্বিশেষে জেলার সার্বিক উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য। জনগণের কল্যাণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ শরীয়তপুরকে আরও এগিয়ে নিয়ে যাবে। উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন এবং সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে জেলার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাই একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।




















